সোনার তরী
দুয়ারে প্রস্তুত গাড়ি; বেলা দ্বিপ্রহর; হেমন্তের রৌদ্র ক্রমে হতেছে প্রখর। জনশূন্য পল্লিপথে ধূলি উড়ে যায় মধ্যাহ্ন-বাতাসে; স্নিগ্ধ অশত্থের ছায় ক্লান্ত বৃদ্ধা ভিখারিণী জীর্ণ বস্ত্র পাতি ঘুমায়ে পড়েছে; যেন রৌদ্রময়ী রাতি ঝাঁ ঝাঁ করে চারি দিকে নিস্তব্ধ নিঃঝুম-- শুধু মোর ঘরে নাহি বিশ্রামের ঘুম। গিয়েছে আশ্বিন-- পূজার ছুটির শেষে ফিরে যেতে হবে আজি বহুদূরদেশে সেই কর্মস্থানে। ভৃত্যগণ ব্যস্ত হয়ে বাঁধিছে জিনিসপত্র দড়াদড়ি লয়ে, হাঁকাহাঁকি ডাকাডাকি এ-ঘরে ও-ঘরে। ঘরের গৃহিণী, চক্ষু ছলছল করে, ব্যথিছে বক্ষের কাছে পাষাণের ভ...